ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের অভিযোগে এবং হাসপাতাল পরিচালনা সনদ না থাকায় অর্থদণ্ড ও একটি হাসপাতালে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালামপুর এলাকায় আ্যপোলো ডিজিটাল হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আ্যান্ড হসপিটালে অভিযান চালানো হয়। আ্যপোলো ও ইসলামিয়া হসপিটালের কার্যক্রম পরিচালনার জন্য সনদ না থাকায় ৫ হাজার টাকা করে দুই হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আ্যান্ড হসপিটালের অপারেশন থিয়েটার নোংরা পরিবেশ এবং অসঙ্গতি পাওয়ায় অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
রিদওয়ান আহমেদ রাফি ঢাকা পোস্টকে জানান, তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে দুইটি হাসপাতালে সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতালে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
