কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করলেন

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করলেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলামকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণকাজ চলছে, যা পরিচালনা করছে মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এ অভিযোগের প্রেক্ষিতে তরিকুল ইসলাম কাজের মান তদারকিতে গিয়ে সত্যতা পান।

এ সময় কাজের মান নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ঠিকাদার লোকমান ও তার লোকজন তরিকুল ইসলামকে মারার উদ্দেশ্যে বাঁশ নিয়ে তাড়া করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তরিকুল ইসলাম বলেন, “কথা কাটাকাটির এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন আমাকে মারার জন্য তাড়া করে। আমি কোনোরকম দৌড়ে গিয়ে রক্ষা পাই।”

ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন