সুনামগঞ্জে জুতা নিক্ষেপে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জে জুতা নিক্ষেপে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ সদরে একটি জুতা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোলাম কিবরিয়া, যিনি তারা মিয়া (৫৫) নামে পরিচিত। তিনি সদর উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই রুমান মিয়া বাইসাইকেলে কর্মস্থলে পাওনা টাকা আনতে যাচ্ছিলেন। এসময় আজিজুলের ছেলে ছালিহ আহমদ হঠাৎ পেছন থেকে তাকে লক্ষ্য করে একটি জুতা নিক্ষেপ করেন। এর পর দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয়। গোলাম কিবরিয়া ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হয়।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্বের বিরোধের জেরে প্রতিপক্ষের ৫-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তারা মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেটে রেফার করার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

নিহতের ভাই রুমান মিয়া অভিযোগ করেন, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল এবং পরিকল্পিতভাবে তার ওপর জুতা নিক্ষেপ করা হয়। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত সালিহ আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফ উল্লাহ ঢাকা পোস্টকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন