সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি সরকারকে ভোগ করতে হবে

সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি সরকারকে ভোগ করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার পরিষদ না গঠন করে সৃষ্ট সংকটের পরিণতি সরকারকে ভোগ করতে হবে। তিনি আজ সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে এ কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং বিএনপি নির্বাচনের দাবি জানিয়েছিল। এনসিপি সংস্কারের জন্য গণপরিষদের দাবি জানিয়েছিল, পরে বিএনপি সংস্কারের আলোচনা গ্রহণ করে।

তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে এবং গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করেছে। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা। জাতীয় স্বার্থ কীভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করব।’

সংকট সমাধানে দ্রুত সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে বলব দ্রুত সংবিধান সংস্কার পরিষদ করে এই সংকটের সুরাহা করেন। জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন। না হলে এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে।’

সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ।

আরও পড়ুন