চৈত্র শেষে বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। এতে প্রচণ্ড গরমে জনজীবন অস্বস্তিকর অবস্থায় রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা বিভাগসহ দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সিলেটসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে এবং ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে বৃষ্টির আওতা বাড়বে। সেদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এতে করে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তীতে ১৭ ও ১৮ এপ্রিল দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে ১৮ এপ্রিলের পর থেকে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আবারও বাড়ার পূর্বাভাস রয়েছে।
