ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
প্রশাসক আহসান মঞ্জিলে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই নান্দনিক আয়োজন। তিনি জানান, ইতিহাসের শিকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সম্মিলন ঘটলেই বাঙালি সংস্কৃতি পূর্ণতা পাবে।
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সিটি কর্পোরেশনের কাজ ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। জনগণের সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
তিনি ডিএসসিসির মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা সম্পর্কে জানান।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এই উৎসব দুপুর পর্যন্ত চলেছিল এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করে।
