ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কড়ের স্বাস্থ্য সংকটের খবর সামনে এসেছে। দ্বিতীয়বার শরীরে টিউমার ধরা পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। সম্প্রতি শোয়েব সামাজিক মাধ্যমে স্ত্রীর অসুস্থতা ও অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকার শরীরে দ্বিতীয়বারের মতো টিউমার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসা ও উদ্বেগের দিনলিপি শুরু হয়। শোয়েব জানান, গত ১০-১২ দিন তিনি অনেকটা অন্তরালে ছিলেন।
ভিডিও না দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘হাসপাতালে যাতায়াত আর চিকিৎসকদের সঙ্গেই সময় কাটছিল। আপনাদের একঘেয়েমি এড়াতে আমি ক্যামেরার সামনে আসিনি।’
দীপিকার স্বাস্থ্য নিয়ে শোয়েবের উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দীপিকাকে নিয়ে খুব চিন্তা হতো। নতুন করে টিউমার ধরা পড়ার পর আমি এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারিনি। মাথায় একটা চিন্তার ভার কাজ করছিল।’
তিনি আরও জানান, স্ত্রীর সামনে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে তিনি ছিলেন অত্যন্ত শঙ্কিত। রাতে দীপিকার সামান্য পায়ে ব্যথা হলেও তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। তবে দীপিকা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, তাই নিজের ভয় কখনো তাকে বুঝতে দেননি শোয়েব।
