গত বছর ধরেই এমন শুরুর স্বপ্ন বুনছিলেন রেকর্ড গড়া প্রফুল হিঙ্গে। সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার অভিষেকে প্রথম ওভারেই তিন উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখান। পরে আরও একটি উইকেট নিয়ে তিনি এবং আরেক অভিষিক্ত সাকিব হোসেন মিলে রাজস্থান রয়্যালসকে বিধ্বস্ত করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ সেরা হওয়ার পর প্রফুল হিঙ্গে বলেন, ‘গত বছর আমি লিখে রেখেছিলাম যে, যখনই প্রথম ম্যাচ খেলব, অবশ্যই চার বা পাঁচটি উইকেট নেব।’ রাজস্থানের পক্ষে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে শুরু করেন হিঙ্গে। এই তরুণ ক্রিকেটার গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন।
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা দুই বোলার মিলে মাত্র ৫৮ রান দিয়ে ৮টি উইকেট দখল করেন। হিঙ্গে তাঁর প্রথম ওভারেই সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে শূন্য রানে ফিরিয়ে দেন। অপরদিকে হোসেনও যশস্বী জয়সোয়ালকে আউট করে রাজস্থানের ইনিংসকে বিপর্যয়ের দিকে ঠেলে দেন।
রাজস্থান ৯ রানে ৫ উইকেট হারিয়ে হিমশিম খায়। সানরাইজার্সের ২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করা তাঁদের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়ে। প্রফুল হিঙ্গে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে মাঠ ছাড়েন। অপরদিকে হোসেন ২৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন।
রাজস্থানের ডনোভান ফেরেরা ৬৯ এবং রবীন্দ্র জাদেজা ৪৫ রান করে লড়াই করার চেষ্টা করলেও দল ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। চলতি আসরে এটিই রাজস্থানের প্রথম হার। এর আগে হায়দরাবাদ অধিনায়ক ঈশান কিষাণ ৪৪ বলে ৯১ রান করে দলকে ২১৬ রানে পৌঁছে দেন।
