দুর্ঘটনায় আহত স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন শংকরকে দেখতে গিয়ে এ কথা জানান। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘সংকর দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আহত চিকিৎসকের চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতেও যে খরচ হবে তা আমরা নির্বাহ করব। এমনকি বিদেশ নেওয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দুর্ঘটনায় পড়েন। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।’
উল্লেখ্য, শংকর প্রসাদ অধিকারী গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এরপর পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তার মস্তিষ্কে অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
