মিসরাতা মেয়রের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

মিসরাতা মেয়রের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা মিউনিসিপালিটির মেয়র মাহমুদ আল-সাগুত্রির সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) মিসরাতায় মেয়রের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে মিসরাতা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা, অধিকার এবং সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়। মেয়র বলেন, মিসরাতা লিবিয়ার অন্যতম নিরাপদ শহর এবং মিউনিসিপালিটি সব বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে।

তিনি আরও জানান, বাংলাদেশি কর্মীরা শহরের বিভিন্ন সেবা খাত, ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মিউনিসিপালিটি বাংলাদেশি কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে। পাবলিক সার্ভিস কোম্পানির চেয়ারম্যান জানান, প্রতিষ্ঠানটিতে শতাধিক বাংলাদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, যাদের কর্মসম্পাদন মিউনিসিপালিটির সেবা কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত মেয়রকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশি পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং অধিকার নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তিনি বৃহত্তর মিসরাতা অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের জন্য পরিচয়পত্র (বেতাকা) প্রদানের প্রস্তাব দেন। মেয়র প্রস্তাবটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বৈঠকে রাষ্ট্রদূত পাবলিক সার্ভিস কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের চুক্তি, বেতন, কর্মঘণ্টা ও কর্মপরিবেশ নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ নিয়োগ প্রক্রিয়া সুশৃঙ্খল করা এবং সেবার মান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।

আরও পড়ুন