বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার পাশাপাশি পাঁচ দফা দাবি জানিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন এ দাবি জানান।
ফেডারেশনের অন্য দাবিগুলো হলো বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা। হারিক হোসেন বলেন, বিড়ি শিল্প দেশের একটি প্রাচীন শ্রমঘন শিল্প। তবে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের কারণে বিড়ি শিল্পে বারবার শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এর ফলে শ্রমিকরা কর্মহীন হচ্ছেন।
তিনি আরো বলেন, বিড়ির অগ্রিম আয়কর ১০ শতাংশ এবং সিগারেটের ৫ শতাংশ হওয়ায় বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করা প্রয়োজন এবং সপ্তাহে ছয় দিন শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিদেশি কোম্পানিগুলো দেশের টোব্যাকো মার্কেট শোষণ করছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।
হারিক হোসেন নকল বিড়ির উৎপাদন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে ফেডারেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
