সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছক অনুযায়ী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’।”

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। মন্ত্রণালয়/বিভাগের অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে নিয়োগের তথ্য প্রয়োজন। চিঠিতে জানানো হয়েছে, প্রতিবেদন পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ) প্রেরণ করতে হবে এবং পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ করতে হবে।

এছাড়াও, প্রতিবেদনটি প্রতিমাসের ৫ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন