রাজধানীর যাত্রাবাড়ী থানায় এক তরুণীর অভিযোগের ভিত্তিতে সিরিয়াল প্রতারক রাশেদুল ইসলাম রাব্বি (৩০) গ্রেপ্তার হয়েছে। তরুণী অভিযোগ করেন, তাকে মোবাইলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। পুলিশ তদন্তে ১০টি ভুক্তভোগীর সন্ধান পায়, যাদের অধিকাংশই মিরপুর এলাকার।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বুধবার (১৫ এপ্রিল) মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথমে এক আসামিকে গ্রেপ্তারের পর নতুন তথ্য সামনে আসে এবং রাব্বি নিজে ১৩টি ঘটনার কথা স্বীকার করেছেন।
মল্লিক আহসান উদ্দিন সামী জানান, রাব্বি ভুক্তভোগীদের টার্গেট করে তাদের মোবাইল ফোন ছিনতাই করতো এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো দখল করে অন্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করতো। পরে সিএনজি বা অন্যান্য বাহনে ভুক্তভোগীদের নিয়ে গিয়ে তাদের ব্ল্যাকমেইল করতো।
তিনি বলেন, রাব্বির বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে এবং আরও তিন-চারটি জিডি তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও অভিযোগ থাকলে জানাতে ভুক্তভোগীদের প্রতি আহবান জানানো হয়েছে।
