ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কা, উ. কোরিয়ার বিষয়ে সতর্কবার্তা আইএইএ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কা, উ. কোরিয়ার বিষয়ে সতর্কবার্তা আইএইএ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের মতো সম্ভাব্য চুক্তি মূলত একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, যেকোনো সমঝোতার ক্ষেত্রে কঠোর আন্তর্জাতিক যাচাই ব্যবস্থা নিশ্চিত না হলে সেই চুক্তির বাস্তব কোনো মূল্য থাকবে না।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাময়িক স্থগিতের ব্যাপারটি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় বিবেচিত হলেও, এটি প্রযুক্তিগতভাবে বড় পার্থক্য তৈরি করে না। বরং এটি নির্ভর করে রাজনৈতিক আস্থার ওপর।

তিনি স্পষ্ট করেন যে, যাচাই ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। গ্রোসি বলেন, ‘যাচাই ছাড়া কোনো চুক্তি শুধুমাত্র একটি কাগজের প্রতিশ্রুতি হয়ে থাকবে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

গ্রোসি জানান, ইরানের বর্তমান পারমাণবিক মজুদের বিষয়ে আইএইএ’র মূল্যায়ন অনুযায়ী, দেশটির ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই আগের সংরক্ষণস্থলে রয়েছে।

এদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করে গ্রোসি বলেন, ২০০৯ সালে পরিদর্শকদের বহিষ্কারের পর আইএইএ বিভিন্ন উপায়ে দেশটির কার্যক্রম পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, ইয়ংবিয়নসহ বিভিন্ন স্থাপনায় কার্যক্রম দ্রুত বাড়ছে, যা পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দেয়।

গ্রোসি রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক সহযোগিতা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, সামরিক ক্ষেত্রে আইএইএ কোনো সহযোগিতার প্রমাণ পায়নি, তবে বেসামরিক প্রকল্পে কিছু সহযোগিতার ইঙ্গিত রয়েছে।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য আইএইএ-এর সঙ্গে বিশেষ ব্যবস্থা প্রয়োজন। গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানসহ যেকোনো দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি কার্যকর করতে হলে রাজনৈতিক সমঝোতার পাশাপাশি নির্ভরযোগ্য যাচাই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন