মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ বুধবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, যুদ্ধ দীর্ঘ সময় ধরে চললে পরিস্থিতি সত্যিই খারাপের দিকে যাবে। এমন অবস্থায় দীর্ঘদিন ভর্তুকি দিয়ে চলা কঠিন হয়ে পড়ে। আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে এপ্রিল মাসে জ্বালানির দাম বাড়ানো হবে না। তবে যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে হয়তো কিছু দাম সমন্বয় করতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপগুলো আগে থেকে অনুমান করা খুব কঠিন। তবে তাদের মধ্যে আলোচনা সফল হলে সবকিছুর দাম আবার স্থিতিশীল হয়ে আসবে।
এ সময় প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলীসহ অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
