যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের ব্যাপারে কোনো তথ্য নেই: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের ব্যাপারে কোনো তথ্য নেই: ইরান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের কাছে কোনো তথ্য নেই। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা নিয়ে মন্তব্য করে বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে ইসলাবাদে দারুন কিছু একটা ঘটতে পারে।’ ট্রাম্পের মন্তব্য করার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ইরনা।

একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের কাছে পরবর্তী আলোচনা বা দ্বিতীয় দফা বৈঠক নিয়ে কোনো তথ্য নেই। তবে তারা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সঙ্গে বার্তা আদান-প্রদান করেছে। সূত্রটি জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পরও পাকিস্তান ‘তার মধ্যস্থতার প্রচেষ্টায় অটল’ রয়েছে।

ইরান এখনও ট্রাম্পের মন্তব্য নিয়ে দাপ্তরিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে।

গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়ে আলোচনা হলেও ২২ ঘণ্টা ধরে চলা আলোচনা শেষে কোনো চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়।

আরও পড়ুন