বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।
বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। এ সময় নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার।
সাক্ষাতে সারা কুক সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের কথাও তুলে ধরেন তিনি। জবাবে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান।
তিনি পুলিশের সংস্কার কার্যক্রমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন এবং এ খাতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
