শরীয়তপুরে হামের উপসর্গে ১০ মাসের শিশুর মৃত্যু

শরীয়তপুরে হামের উপসর্গে ১০ মাসের শিশুর মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর ১০ মাস বয়সী শিশু জাহিদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে সদর হাসপাতালে ২০ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।

শিশুর পরিবার জানায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায়।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, বর্তমানে জেলায় ১৬৭ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি মাসে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে এবং ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাম রোগের মৃত্যুর হার ও ঝুঁকি কমানোর লক্ষ্যে ৫ এপ্রিল থেকে জাজিরা উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তিন সপ্তাহে অন্তত ৩০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

সদর হাসপাতালের আরএমও ডা. মিতু আক্তার জানান, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগী আসছে, তাদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, তবে ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়।

ডা. রেহান উদ্দিন বলেন, জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল উপজেলায় শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন