রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। নগরীতে ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্মদিবসে নগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নগরীর ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
মাহফুজুর রহমান রিটন আরও জানান, হাম রোগ প্রতিরোধে ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সবার সহযোগিতায় রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। পূর্বে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও এই ক্যাম্পেইনে ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের (VAXEPI) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত শিশুদেরকে বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণকারী সব শিশু VAXEPI অ্যাপ থেকে টিকার সনদ ডাউনলোড করতে পারবে।
