যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হবে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এই হুমকি প্রকাশিত হয়।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বসূচনা হবে। তিনি আরও জানান, ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে কোনও আমদানি বা রপ্তানি কার্যক্রম চলতে দেবে না।
সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর হওয়ার পর এই হুমকি এসেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে ইরানের বন্দরে যাওয়া-আসা করছে না এমন জাহাজের পথ আটকাবে না মার্কিন বাহিনী।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার ফলপ্রসূ না হওয়ার ফলে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৭.৫ শতাংশ বেড়ে ১০২.৩৭ ডলারে পৌঁছেছে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ৮.৩ শতাংশ বেড়ে ১০৪.৫৬ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। আয়ারল্যান্ডে দেশব্যাপী বিক্ষোভের পর মন্ত্রিসভার জরুরি বৈঠকে পেট্রোল ও ডিজেলের ওপর ধার্য কর কমানোর প্রস্তাব উঠেছে।
