মোবাইল ফোন নিয়ে বিরোধে কিশোর হত্যা, ৫ জন গ্রেপ্তার

মোবাইল ফোন নিয়ে বিরোধে কিশোর হত্যা, ৫ জন গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলায় ১৬ বছরের কিশোর সুমন মোল্লা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মেহনাজ হোসেন জিহাদ (২৪), জুয়েল হোসেন (২৩), শাকিব শেখ (১৯), তারিকুল ইসলাম (২৬) ও হৃদয় হোসেন (২৮)। তারিকুল ইসলামকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এবং হৃদয় হোসেনকে জুইতারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মীরপাড়া এলাকার একটি কলাবাগান থেকে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় আয়নাল মোল্লার মাছের ঘেরের পাশে মরদেহটি পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুমন ৩১ মার্চ নিজের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের খোঁজাখুঁজির পর ২ এপ্রিল মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরবর্তী দিন স্থানীয়দের মাধ্যমে মরদেহ পাওয়া যায়, যা পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের একাধিক ইউনিট ঘটনাটির তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সাহায্যে দ্রুত অভিযানে জড়িতদের শনাক্ত করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মোবাইল ফোন বন্ধক রাখা নিয়ে বিরোধের জেরে সুমনের সঙ্গে আসামিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং পরে মরদেহ গোপন করতে কলাবাগানে ফেলে দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত অব্যাহত আছে।

আরও পড়ুন