কুমিল্লাকে বিভাগ ঘোষণা ও নতুন উপজেলা দাবি এমপি জসিমের

কুমিল্লাকে বিভাগ ঘোষণা ও নতুন উপজেলা দাবি এমপি জসিমের

জাতীয় সংসদে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি বুড়িচং উপজেলার ‘ময়নামতি’ ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। আলোচনার শুরুতে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের দুই দশকের দুর্নীতির চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

জসিম উদ্দিন বলেন, কুমিল্লা-৫ এবং কুমিল্লার মানুষের ৪২ বছরের প্রাণের দাবি হলো কুমিল্লা বিভাগ। তিনি অভিযোগ করেন, কুমিল্লা বিভাগ নিয়ে ষড়যন্ত্র হয়েছে এবং সংসদে হাসি-তামাশা করা হয়েছে। তিনি কুমিল্লা শহরের যানজট সমস্যার সমাধানে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য ধন্যবাদ জানান।

তিনি জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কুমিল্লার গোমতী নদীর পাড় ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ময়নামতির উপজেলা করার দাবি জানিয়ে তিনি বলেন, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থান।

জসিম উদ্দিন বলেন, ময়নামতিতে ৫০ একর জমির ওপর ছোট ইপিজেড করার জন্য বিনীত অনুরোধ জানান। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনার উল্লেখ করে দ্রুত সংস্কারের দাবি করেন। এছাড়া সীমান্তে মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান।

আরও পড়ুন