অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সিএমএসএমই খাতের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তিনি জানান, এ খাতের অগ্রগতির জন্য ঢাক চেম্বার এবং সরকার একযোগে কাজ করতে পারে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়ঃ ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর একটি সমন্বিত অর্থনৈতিক কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিক খাতের অন্যান্য আইনের সংস্কার প্রয়োজন। বর্তমান সরকার শ্রমঘন শিল্পের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, যা কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে বন্ধ হওয়া শিল্প-কারখানাগুলো চালু করার পাশাপাশি অন্যান্য শিল্প খাতে উৎপাদন বাড়াতে এবং নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের উদ্যোগ গ্রহণ করা হবে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার বিপুল জনরায় নিয়ে ক্ষমতায় এসেছে এবং বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলায় মানুষের জীবনযাত্রা উন্নত করতে সচেষ্ট। এজন্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি।
তিনি দেশের আর্থিক খাতের দুরাবস্থার বিষয়ে সরকারের প্রয়োজনীয় নীতি প্রণয়ন ও সংস্কারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, দীর্ঘমেয়াদী টেকসই ঋণ ব্যবস্থা প্রবর্তনের জন্য শক্তিশালী বন্ড মার্কেট ও পুঁজিবাজারের প্রয়োজনীয়তা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও অন্যান্য শীর্ষ ব্যাংক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
