বাংলাদেশ ব্যাংক দেড় মাস পর ডলার কেনা শুরু করেছে

দেড় মাস বিরতির পর আবার বাজার থেকে মার্কিন ডলার কিনতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বেড়েছে এবং বিদেশি লেনদেন তুলনামূলক কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার ইসলামী ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সায় কেনা হচ্ছে।

এর আগে, ২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক মাল্টিপল অকশন পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

মার্চ মাসে প্রবাসী আয় রেকর্ড পরিমাণে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীদের পরিবারের কাছে বেশি টাকা পাঠানোর ফলে বেড়েছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় ও রেমিট্যান্সের কারণে ডলারের সরবরাহ বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনা শুরু করে। তবে ২০২১ ও ২০২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির বিল মেটাতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে। সাম্প্রতিক ডলার কেনার ফলে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে, যা দুই দিন আগে ছিল ৩৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

আরও পড়ুন