ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনা করছে। প্রশাসক মো. আব্দুস সালাম জানান, আমরা কাউকে উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম উল্লেখ করেন, রাস্তায় যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তবে হকার ও রিকশাওয়ালাদের প্রতি অমানবিক হতে চাই না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী জনভোগান্তি দূর করার পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি। ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে হলে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। পুলিশ সহযোগিতায় এলাকাভিত্তিক হকারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট এলাকায় এবং সময়ে হকারদের বসার অনুমতি দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
