বিশ্বকাপ টিকিট নিয়ে ফিফার ‘প্রতারণা’

বিশ্বকাপ টিকিট নিয়ে ফিফার ‘প্রতারণা’

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে ফিফা। টুর্নামেন্ট শুরুর মাত্র দুই মাস আগে নতুন একটি টিকিট ক্যাটাগরি চালু করেছে সংস্থাটি, যা ফুটবল ভক্তদের মতে অতিরিক্ত অর্থ আদায়ের কৌশল।

গত বছরের শরৎ ও শীত মৌসুমে ফিফা চারটি ক্যাটাগরিতে লাখ লাখ টিকিট বিক্রি করে। এর মধ্যে ‘ক্যাটাগরি ১’ ছিল সবচেয়ে দামী, যেখানে স্টেডিয়ামের নিচের অংশের প্রায় সব আসন অন্তর্ভুক্ত ছিল। তবে নির্দিষ্ট আসন জানানো হয়নি, যার ফলে অনেক ভক্ত প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ আসন পাননি।

নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ নামে টিকিট বিক্রি শুরু হওয়ার ফলে স্টেডিয়ামের সামনের সারির আসনগুলো দ্বিগুণ থেকে তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে অনেক ভক্ত যারা ক্যাটাগরি ১ কিনেছিলেন, তারা নিজেদের প্রতারিত মনে করছেন।

অনেকে অভিযোগ করছেন, ক্যাটাগরি ১ টিকিটকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তারা সেরা আসন পাবেন। কিন্তু আসল আসনগুলো ‘ফ্রন্ট’ ক্যাটাগরির জন্য সংরক্ষিত ছিল।

আর্জেন্টিনার গ্রুপ ম্যাচের জন্য ক্যাটাগরি ১ টিকিটের দাম ছিল প্রায় ৭৬৫-৭৭৫ ডলার, যেখানে ‘ফ্রন্ট’ টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৩০০ ডলারের কাছাকাছি। যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতেও দাম প্রায় তিনগুণ বেড়েছে।

ভক্তদের ক্ষোভ ক্রমেই বাড়ছে, কারণ তারা মনে করছেন ভালো আসনগুলো গোপন রাখা হয়েছে যাতে পরে বেশি দামে বিক্রি করা যায়। ফিফা তাদের অবস্থান থেকে সরে আসেনি, তবে কেন আগে ক্রেতাদের এই আসনগুলো দেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে স্পষ্ট উত্তর নেই।

এতে করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রতি ভক্তদের আস্থা নতুন করে ধাক্কা খাচ্ছে।

আরও পড়ুন