ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক সচিব রোমান গফম্যানকে গুপ্তচর সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এটি ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো মোসাদ প্রধান হিসেবে একজন সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।
নতুন মোসাদ প্রধান হিসেবে গফম্যানের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা গত রবিবার দেওয়া হয়। এর আগে গত ডিসেম্বরে নেতানিয়াহু তাকে বার্নিয়ার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছিলেন। গফম্যানের সামরিক গোয়েন্দা বিভাগে কাজের অভিজ্ঞতা নেই, তিনি পদাতিক সেনা হিসেবে পরিচিত।
গফম্যানের জন্ম ১৯৭৬ সালে বেলারুশে, ১৯৯০ সালে তিনি তার পরিবারের সঙ্গে ইসরায়েলে আসেন। সেনাবাহিনীতে যোগদানের পর তিনি সাফল্যের সঙ্গে ক্যারিয়ার গড়ে তোলেন এবং সাম্প্রতিক সময়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন।
নেতানিয়াহুর সঙ্গে গফম্যানের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার ডানপন্থি জায়নবাদী চিন্তাধারার প্রতি সহানুভূতি তাকে এই পদে নিয়ে আসতে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গফম্যানের নিয়োগ নিয়ে বিতর্কও রয়েছে, বিশেষ করে তার অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। তবে, নেতানিয়াহু তার নিয়োগে দৃঢ়তা প্রকাশ করেছেন। আগামী ২ জুন তিনি মোসাদের দায়িত্ব গ্রহণ করবেন।
