যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানে অনুষ্ঠেয় সম্ভাব্য বৈঠকে শান্তি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ওয়াশিংটন আশাবাদী হলেও তেহরান কঠোর শর্ত জুড়ে দিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া বার্তার বিপরীতে, ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ না তুললে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ অচল করে দেওয়া হবে। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই পুনরায় আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পরবর্তী আলোচনা পাকিস্তানের রাজধানীতেই অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘চুক্তির সম্ভাবনার বিষয়ে আমরা ইতিবাচক মনোভাব রাখছি।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে ইরানকে একটি ‘বড় সমঝোতার’ প্রস্তাব দেওয়া হচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য অভিন্ন। তাদের মূল উদ্দেশ্য হলো ইরান থেকে সমৃদ্ধ পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযান শুরুর পর ইরান এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতিতে ‘কঠিন সময়ের’ মুখোমুখি হতে হবে।
ওয়াশিংটন ইরানের বন্দরগুলো অবরোধের মাধ্যমে দেশটির ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা সমুদ্রপথে ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ‘পুরোপুরি বন্ধ’ করে দিয়েছে।
ইরানের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে না নেয়, তবে তা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সূচনা হবে।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের অবসানের বিষয়টি ‘স্বাগত’ জানাবেন, তবে এই চুক্তি ইরানের সঙ্গে শান্তি আলোচনার অংশ নয়।
তবে আলোচনার ঘোর বিরোধী হিজবুল্লাহ ইসরায়েলে কয়েক ডজন রকেট ছুড়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে।
