মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি বুধবার গুইলার্মো হোয়োসকে নতুন কোচ হিসেবে উন্মোচন করেছে। তিনি হ্যাভিয়ার মাশচেরানোর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ব্যক্তিগত কারণে মাত্র চার মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দেন।
৬২ বছর বয়সী হোয়োস এবং লিওনেল মেসির সম্পর্ক দুই দশকেরও বেশি পুরনো। বার্সেলোনার যুব দলে মেসির অন্যতম পথপ্রদর্শক ছিলেন তিনি। কোচ হিসেবে দায়িত্ব নিতে গিয়ে হোয়োস পরিষ্কার করেছেন, বন্ধুত্ব পেশাদারিত্বের পথে বাধা হবে না।
প্রথম সংবাদ সম্মেলনে হোয়োস বলেন, ‘বন্ধুত্ব অমূল্য, এটা নিয়ে কোনো আলোচনা নেই। তবে এর মানে এই নয় যে আমি তাকে সবসময় ছাড় দেব।’ তিনি আরও জানান, মেসিকে দলের অন্য সদস্যদের মতোই কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে।
ক্লাবের প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল, হোয়োস আপাতত ‘আগামী ম্যাচগুলোতে’ দায়িত্ব পালন করবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রধান কোচ হিসেবেই উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বছরের মাঝামাঝি পর্যন্ত দায়িত্বে থাকবেন।
চলতি মৌসুমে সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। দলের সবচেয়ে বড় তারকা মেসি, যিনি ২০২২ বিশ্বকাপজয়ী এবং আটবারের ব্যালন ডি’অর বিজয়ী।
