বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন জ্বালানি সংকটের কারণে স্থগিত করা হয়েছে। নির্বাচনটি আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উল্লেখ করা হয় যে, জ্বালানি সংকটের ফলে সাতটি সাধারণ ও সাতটি আঞ্চলিক পদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম বিঘ্নিত হতে পারে।
এছাড়া, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন বার অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আবেদন ও অনুরোধ যথাযথভাবে বিবেচনা করেও নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২ এপ্রিল বার কাউন্সিলের এক সভায় এই নির্বাচনের জন্য ১৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছিল।
