হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের নোয়াপাড়া-খড়কি এলজিইডি রাস্তার সংযোগ সড়কের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে রেলিং বা সুরক্ষা দেয়ালবিহীন অবস্থায় রয়েছে। এর ফলে এটি এলাকাবাসীর জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় কয়েক বছর ধরে কালভার্টটির দুই পাশে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষকে। বিশেষ করে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
এলাকাবাসীরা অভিযোগ করেছেন, বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিডি দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রচার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়নি।
জগদীশপুরের বাসিন্দা পরিবেশকর্মী বিশ্বজিৎ পাল বলেন, কালভার্টের দুই পাশে ওয়াল না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
উপজেলা এলজিডি প্রকৌশলী মো. রেজাউন্নবী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রস্তাব পাঠাবেন।
স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনার আগে কালভার্টটিতে রেলিং বা সুরক্ষা দেয়াল নির্মাণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
