ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল বুধবার আন্দিজ পর্বতমালার কাছে অবস্থিত আজুয়ায় প্রদেশের মলেতুরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি সড়কে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
আজুয়ার রাজধানী কুয়েনকা ইকুয়েডরের তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহর। ইকুয়েডরের দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসিইউ৯১১ নামের সংস্থা জানিয়েছে, ‘কুয়েনকা-মলেতুরো মহাসড়কের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। আহত হয়েছে ২৯ জন।’
তারা আরও জানায়, ‘বিভিন্ন সংস্থার কর্মীরা ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। আরও মানুষ নিহত হয়ে থাকতে পারেন।’ দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গত বছর এই সংখ্যা দুই হাজার ছাড়িয়েছিল এবং ২০২৩ সালে সর্বোচ্চ দুই হাজার ৩৭৩ জন সড়কে প্রাণ হারিয়েছেন।
