বিশ্বকাপে খেলবে ইরান, দৃঢ় বার্তা ইনফান্তিনোর

বিশ্বকাপে খেলবে ইরান, দৃঢ় বার্তা ইনফান্তিনোর

বিশ্বকাপে খেলবে ইরান, এমন দৃঢ় বার্তা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফান্তিনো। যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা শঙ্কার মধ্যে ফুটবল যেন সংযোগের স্বপ্ন দেখাচ্ছে। তিনি বলেন, ‘ইরানকে আসতেই হবে। তারা তাদের দেশের প্রতিনিধিত্ব করে, যোগ্যতা অর্জন করেছে এবং খেলোয়াড়রাও খেলতে চায়।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইনফান্তিনোর অবস্থান পরিবর্তিত হয়নি। সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় ইরান দলের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করে তিনি জানান, দলটি বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত এবং দৃঢ়প্রতিজ্ঞ।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসরে ইরান গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা, এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।

যদিও নিরাপত্তা ইস্যুতে ইরান তাদের ম্যাচ মেক্সিকোতে সরানোর অনুরোধ জানিয়েছিল, তা ফিফা নাকচ করে দিয়েছে। ইনফান্তিনোর মতে, বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া একটি মসৃণ আয়োজন এবং মাঠে দর্শকদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপস্থাপন করা জরুরি।

বিশ্বকাপ নিয়ে উদ্বেগ শুধু রাজনৈতিক নয়, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই ৫০০ মিলিয়নের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে, যা ফুটবলের বৈশ্বিক আবেদনকে তুলে ধরে।

আরও পড়ুন