ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশের সংকটের সময় শত্রু রাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও চার ‘গাদ্দারকে’ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গিলান প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার গোপন তথ্য ও ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করছিল। ইরনা জানায়, এই চার ব্যক্তি দীর্ঘ দিন ধরে মোসাদের এজেন্ট হিসেবে কাজ করে আসছিল। তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অবস্থান ও অভ্যন্তরীণ ছবি ইন্টারনেটে সরবরাহ করে আসছিল।
গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে মোট ৩৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গিলানের এই ৪ জন সরাসরি সামরিক তথ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন। বাকি ৩৫ জনকে দেশের ছয়টি ভিন্ন প্রদেশ থেকে আটক করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, মোসাদের একটি বিশাল নেটওয়ার্ক ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নড়বড়ে করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আইআরজিসি জানিয়েছে, এই ‘গাদ্দাররা’ অর্থের বিনিময়ে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করছিল।
অন্যদিকে, তেহরান অভ্যন্তরীণ গুপ্তচরদের ধরপাকড় চালানোর পাশাপাশি বহির্বিশ্বের চাপকেও অগ্রাহ্য করছে। মার্কিন নৌ-অবরোধের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানকে বন্দি বা অবরুদ্ধ করা সম্ভব নয়।
