গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় ১১ দলের মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় ১১ দলের মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় ১১ দলের মিছিল অনুষ্ঠিত হবে। জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য এই রায় বাস্তবায়নে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ এপ্রিল ১১ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা বাদে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল। এ ছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান সভাপতিত্ব করেন, এবং উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ধাপের কর্মসূচি শেষে পরবর্তী ধাপে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে বিশাল সমাবেশ হবে। তিনি জানান, সরকার গণরায় মানছে না এবং গণভোটের রায় বাস্তবায়নই ১১ দলের আন্দোলনের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন