জাতিসংঘের ‘জনসংখ্যা ও উন্নয়ন কমিশন’-এর ৫৯তম অধিবেশনে গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক ডিজিটাল বিভাজন কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন।
তিনি বলেন, বিশ্বে প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যা এখনও ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুযোগে বৈষম্য সৃষ্টি করছে। এর ফলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ আসছে।
রাষ্ট্রদূত আরও বলেন, মাতৃমৃত্যু হার কমানো, টিকাদান কর্মসূচির সম্প্রসারণ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।
দেশের তরুণ জনগণের বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনকে টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত নগরায়ন, জলবায়ু পরিবর্তন ও অসংক্রামক রোগের চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
