মান্ত থেকে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ, গাড়িসহ আটক ১

মান্ত থেকে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ, গাড়িসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেল এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে ২৮ বোতল নেশাজাতীয় সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের বাসিন্দা।

অপরদিকে, একই রাতে আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের গণকবর এলাকার দীঘির পাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ মাদক চক্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, আটক আসামি, জব্দকৃত মাদকদ্রব্য এবং প্রাইভেট কারের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় সাড়ে চার হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন