যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ‘এমকিউ-৪সি ট্রাইটন’ ড্রোনটি ৯ এপ্রিল নিখোঁজ হয় এবং স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) নেভি সেফটি কমান্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে দুর্ঘটনার সঠিক স্থানের বিষয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ফ্লাইট ট্র্যাকিং ডাটা বিশ্লেষণে জানা যায়, ড্রোনটি ইতালির সিগোনেলা নেভাল এয়ার স্টেশন থেকে উড্ডয়ন করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে উড়ছিল। ৫০ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন এটি রাডার থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এবং ৯ হাজার ২৫০ ফুট উচ্চতায় নামার পর পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। ড্রোনটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া জরুরি সংকেত পাঠায়।
এই ড্রোনটি মার্কিন নৌবাহিনীর দামী আকাশযানগুলোর একটি, যার নির্মাতা প্রতিষ্ঠান নর্থরোপ গ্রুম্যানের তথ্য অনুযায়ী, প্রতিটির মূল্য প্রায় ২৪ কোটি ডলার। এটি টানা ২৪ ঘণ্টার বেশি সময় আকাশে উড়তে সক্ষম এবং গোয়েন্দা নজরদারির জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন হিসেবে বিবেচিত।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনও মার্কিন নৌবাহিনী বিস্তারিত কিছু জানায়নি।
