ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভার এক সদস্যের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে, তবে লেবাননের পক্ষ থেকে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আউন আজ ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, নেতানিয়াহু আজ আউনের সঙ্গে কথা বলবেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল কথা বলবেন। তবে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, তারা ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগের বিষয়ে অবগত নন।
চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ ‘সরাসরি’ আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়। ট্রাম্পের পোস্টের পর গালিয়া গামলিয়েলের বক্তব্য সেই তথ্যের প্রতিধ্বনি করে বলে মনে হচ্ছে।
যদি ফোনালাপটি বাস্তবায়িত হয়, তাহলে সেটি ঐতিহাসিক গুরুত্ব বহন করতে পারে বলছেন বিশেষজ্ঞরা। এদিকে, ইসলামাবাদে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রচেষ্টা এখনও চলছে এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
