ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
হেগসেথ বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। তিনি উল্লেখ করেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।
তিনি জানান, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে, তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন।
পিট হেগসেথ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যতদিন প্রয়োজন, ইরানের ওপর নৌ-অবরোধ জারি রাখবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি বেঁচে আছেন।
তেহরানকে চুক্তি স্বাক্ষরে চাপ দেওয়ার কৌশল হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানে প্রবেশকারী কিংবা সেখান থেকে ছেড়ে আসা সব ধরনের জাহাজের ওপর অবরোধ আরোপ করছে। তিনি বলেন, ইরান একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে এবং আমরা আশা করি তারা ইরানের জনগণের স্বার্থে সেটিই করবে। তবে ভুল পথ বেছে নিলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাত বোমা হামলার মুখোমুখি হবে।
