নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নদীতে পড়ে গেছে। এ ঘটনায় গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শীতলক্ষ্যা নদীর হাজীগঞ্জ-নবীগঞ্জ রুটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ ঘাট থেকে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি নদীতে পড়ে যায়। তবে গাড়িটি কিছুক্ষণ ভেসে থাকায় দ্রুত জানালার কাচ নামিয়ে চালক বেরিয়ে আসতে সক্ষম হন।
পরে স্থানীয় মাঝিরা নৌকা দিয়ে ভাসমান গাড়িটিকে টেনে তীরের কাছে নিয়ে আসেন। নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে ক্রেনের সাহায্যে পানিতে ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
