লক্ষ্মীপুরে দীর্ঘ কর্মজীবন শেষে ২ স্কুল শিক্ষককে রাজকীয় বিদায়

লক্ষ্মীপুরে দীর্ঘ কর্মজীবন শেষে ২ স্কুল শিক্ষককে রাজকীয় বিদায়

লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ কর্মজীবন শেষে আবুল খায়ের এবং অণিমা প্রভা রায় নামে দুই স্কুলশিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা দুজনেই উপজেলার কাজীর দিঘীর পাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কাজীর দিঘীর পাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠান শেষে দুই শিক্ষককে ফুল সজ্জিত গাড়িতে করে সম্মানের সাথে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দীর্ঘদিনের কর্মস্থল থেকে এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন। অনুষ্ঠানে সাবেক শিক্ষক কাজী জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ ও অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩৯ বছর একই বিদ্যালয়ে পাঠদান শেষে অবসরে যাওয়া শিক্ষক আবুল খায়ের তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ১৯৮৬ সালে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার।

অণিমা প্রভা রায়ও ২৭ বছর শিক্ষকতা করার পর বিদায় সংবর্ধনায় তার বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন। তিনি জানান, এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। সবার অকৃত্রিম ভালোবাসাকে তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

আরও পড়ুন