চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী তিন লাখের বেশি শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মাসব্যাপী এ টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর সাতটি জোনের ৪১টি ওয়ার্ডে মোট তিন লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ৪৮টি স্থায়ী দল, ২০৫টি অস্থায়ী দল, ৪১টি মপ-আপ দল এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন পরিচালিত হবে।
অভিভাবকদের জন্মনিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধনের জন্য উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বাদ পড়বে না। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এবং মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি করতে পারে। এ কারণে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ড. জাহাঙ্গীর আলম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. ইমং প্রো চৌধুরী।
