আজ ১৭ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘দ্য মমি’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পেয়েছে।
আগে ‘মমি’ নামে হলিউডে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল, যা মূলত অ্যাডভেঞ্চারধর্মী ছিল। তবে নতুন এই সিনেমাটি আগের সংস্করণগুলোর তুলনায় একেবারেই ভিন্ন। এটি একটি আর-রেটিং পাওয়া ভৌতিক সিনেমা, যেখানে অত্যন্ত ভীতিজনক ও নৃশংস দৃশ্য রয়েছে।
যুক্তরাষ্ট্রে সিনেমার মুক্তির আগে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (এমপিএএ) ওই সিনেমার একটি রেটিং দিয়ে থাকে, যা নির্ধারণ করে সিনেমাটি কোন বয়সীদের জন্য উপযোগী। আর বা রেস্ট্রিকটেড রেটিং পাওয়া সিনেমাগুলো ১৭ বছরের কম বয়সী দর্শকদের জন্য উপযোগী নয়।
লি ক্রোনিন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই, নাটালি গ্রেস, ভেরোনিকা ফ্যালকন প্রমুখ।
সিনেমার কাহিনী এক সাংবাদিক বাবা ও তার পরিবারকে কেন্দ্র করে। একসময় তারা সুখী ছিল, কিন্তু একদিন তাদের ছোট মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায় না, যা পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দেয়।
৮ বছর পর সেই মেয়েটিকে মরুভূমির একটি এলাকায় পাওয়া যায়। সে বেঁচে আছে কিন্তু আশ্চর্যজনকভাবে তার বয়স বাড়েনি। পরিবার তাকে ফিরে পেয়ে খুশি হলেও, তার আচরণ ও কথাবার্তা অদ্ভুত হতে শুরু করে। রাতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে এবং মনে হতে থাকে, সে পুরোপুরি মানুষ নয়।
গল্প এগোতে থাকলে মেয়েটির শরীর ধীরে ধীরে মমির মতো হয়ে যায়, এবং সে অস্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করতে শুরু করে, যা পরিবারের জন্য ভয়ংকর প্রভাব ফেলে।
