শৈলকুপায় চায়ের দাম নিয়ে সংঘর্ষ, আহত ১২ জন

শৈলকুপায় চায়ের দাম নিয়ে সংঘর্ষ, আহত ১২ জন

ঝিনাইদহের শৈলকুপায় চায়ের দোকানের বিল বাকি রাখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে শৈলকুপা পৌরসভার খালের ধার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রিপন হোসেন ওই এলাকার শাহজাহানের চায়ের দোকানে গিয়ে বাকিতে চা খেতে চান। দোকানে আগে থেকেই বকেয়া থাকায় শাহজাহান তাকে বাকি দিতে রাজি হননি।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রিপন কাঠের বেঞ্চ নিয়ে শাহজাহানের দিকে তেড়ে যান এবং দোকানের কাপ-পিরিচ ভাঙচুর করেন। শাহজাহান চিৎকার করলে তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন এবং সংঘর্ষ বেঁধে যায়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২-১৩ জন আহত হন। আহতদের মধ্যে নায়েব আলী (৪০), রিপন হোসেন (৩০), রুবেল হোসেন (৪০), তমাল হোসেন (৪৫), আবদুর রাজ্জাক (৬৫), ঝন্টু মিয়া (৩৬), শাপলা খাতুন (৩৬) ও শাহজাহান আলী (৪৫) নামের ব্যক্তিরা রয়েছেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, বাকিতে চা বিক্রি করতে রাজি না হওয়ায় সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন