বগুড়ায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম ছুরিকাঘাতে নিহত

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম ছুরিকাঘাতে নিহত

বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং তার সঙ্গী তুহিন (১৬) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার ফুলতলার শাকপালা পার্কে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যদের হামলায় প্রতিপক্ষের তুর্য্য (২৫) নামের একজন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার এসআই আবু জাররা ও অন্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত সিয়াম হোসেন ফুলতলা আমেরিকান বোর্ডিং এলাকার সাদিকুল ইসলামের ছেলে এবং রানীরহাট কারিগরি স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সিয়াম ও তুহিনের সঙ্গে শাকপালা এলাকার প্রতিপক্ষের বিরোধ চলছিল।

মীমাংসার নামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সিয়াম ও তুহিনকে শাকপালা পার্কে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিয়াম ও তুহিনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগে তাদের লোকজন প্রতিপক্ষের তুর্য্যকে ধরে মারপিট করে। আহত অবস্থায় তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং নিহত সিয়ামের লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন