রাঙ্গামাটিতে ইউপিডিএফের যুব সংগঠনের নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে ইউপিডিএফের যুব সংগঠনের নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কুতুকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মসিং চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুন চাকমার সই করা বিবৃতিতে জানানো হয়েছে, সকাল ৭টার দিকে ধর্মসিং চাকমা নিজের বাসায় ছিলেন। এ সময় একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। পালাতে চাইলে অস্ত্রধারীরা ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই নিহত হন ধর্মসিং। নিহতের দুইবোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ ও তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানিয়েছেন, ইউপিডিএফের একজন কর্মী নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন, তবে এর সঙ্গে তাদের জড়িত থাকার প্রশ্ন আসে না।

গণতান্ত্রিক যুব ফোরাম নেতা গুলিতে নিহত হওয়ার পর ইউপিডিএফ কর্মীরা রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কটি অবরুদ্ধ ছিল।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত দুইজনকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

আরও পড়ুন