ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী নিশাত জাহান ছবি।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিশাত জাহান। তিনি জানান, ১৯৯৫ সালে প্রেমের সূত্র ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তার স্বামী যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেছেন।
নিশাত বলেন, বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হন। তিনি আরও জানান, বিয়ের কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র বর্তমানে তার স্বামীর কাছে রয়েছে। ২০১৩ সালের ৮ নভেম্বর তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে, পরে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন।
তবে পারিবারিক নানা বিষয়, বিশেষ করে স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগের কারণে বিরোধের সৃষ্টি হয়। নিশাত জাহান দাবি করেন, এসব ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে এবং একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। বর্তমানে নিজের ও সন্তানের প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন। সংবাদ সম্মেলনে নিশাত জাহান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
অভিযুক্ত জামাল সিকদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
