সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে বাংলাদেশের দুই তরুণ সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বিভাগে বিজয়ী হয়েছেন জয় সাহা এবং ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ হয়েছেন জুবায়ের আহমেদ অর্ণব।
গতকাল ১৬ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় বিশ্বের ২০০টির বেশি দেশ থেকে চার লাখ ৩০ হাজারের বেশি ছবি জমা পড়েছিল।
জয় সাহা প্রফেশনাল প্রতিযোগিতার ‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ বিভাগে সেরা হয়েছেন। তার আলোকচিত্র সিরিজের নাম ‘দ্য হোমস অব হাওর’, যেখানে বর্ষাকালে বাংলাদেশের হাওর অঞ্চলে পানির মধ্যে জেগে থাকা লোকালয়ের স্থাপনা ও মানুষের জীবন তুলে ধরা হয়েছে। এই ক্যাটাগরিতে ব্রাজিল ও চীনের প্রতিযোগীরা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। বিজয়ীদের সনি দ্বারা তৈরি ছবি তোলার ডিজিটাল সরঞ্জাম দেওয়া হয়েছে এবং তারা লন্ডনে বিশেষজ্ঞ ফটোগ্রাফারদের সঙ্গে বিশেষ সেশনে অংশ নেবেন।
জুবায়ের আহমেদ অর্ণব ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন। তিনি আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান ‘কাউন্টার ফোটো’র শিক্ষার্থী। তার তোলা ‘দ্য প্লেস হোয়ার আই ইউজড টু প্লে’ নামক সিরিজে ঢাকার গ্রিন মডেল টাউন এলাকার বদলে যাওয়া দৃশ্যপট তুলে ধরা হয়েছে, যা দ্রুত নগরায়ণের প্রভাবকে চিত্রিত করে।
