গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ

গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ

গাজায় চলমান যুদ্ধে ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসাব অনুযায়ী, এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ৭১ হাজার মৃত্যুর অর্ধেকেরও বেশি।

শুক্রবার (১৭ এপ্রিল) জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র সোফিয়া কলটর্প জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ইসরাইলের বিমান হামলা ও স্থল সামরিক অভিযানের ফলে এই বিপুলসংখ্যক নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে ২২ হাজারের বেশি নারী এবং প্রায় ১৬ হাজার কন্যাশিশু রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু মারা যাচ্ছেন।

এছাড়াও, এই সংঘাতে প্রায় ১১ হাজার নারী ও কন্যাশিশু গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের অনেকে আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন।

সোফিয়া কলটর্প জানান, সংঘাতের কারণে ফিলিস্তিনি পরিবার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। হাজার হাজার পরিবারে এখন নারীরাই প্রধান উপার্জনকারী হয়ে উঠেছেন। স্বামী হারানো নারীরা আয় এবং মৌলিক সেবার সুযোগ ছাড়াই পরিবার চালাতে বাধ্য হচ্ছেন।

যুদ্ধের মধ্যে প্রায় ১০ লাখ নারী ও কন্যাশিশু বারবার বাস্তুচ্যুত হয়েছে। একইসাথে, প্রায় ৭ লাখ ৯০ হাজার নারী ও কন্যাশিশু চরম খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেয়েছে, যা গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্ত ক্রসিং বন্ধ থাকা এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে চিকিৎসা সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন